ঢাকার বাইরে ক্রিকেটের পরিধি বাড়াতে দেশের সাতটি শহরে একযোগে ক্রিকেট একাডেমি চালু করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিটি একাডেমিতে ৫০ থেকে ৬০ জন তরুণ ক্রিকেটারকে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল; যাবতীয় খরচ বহন করবে বোর্ড।
রোববার (২২ নভেম্বর) মিরপুরে এক সংবাদ সম্মেলনে নতুন এই পরিকল্পনার কথা জানান তামিম ইকবাল। আগামী ২৮ নভেম্বর বিসিবির বোর্ড সভায় প্রস্তাবটি অনুমোদনের জন্য তোলা হবে এবং অনুমোদন পেলে আগামী কয়েক মাসের মধ্যেই কার্যক্রম শুরু করার আশা করছেন তিনি।
বিসিবি সভাপতি জানান, নতুন এই একাডেমিগুলো স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোর প্রতিদ্বন্দ্বী না হয়ে বরং সহযোগী হিসেবে কাজ করবে। তামিম বলেন, ‘বিসিবি একসঙ্গে ছয় থেকে সাতটি শহরে একাডেমি চালু করতে যাচ্ছে। তবে আমরা স্থানীয় একাডেমিগুলোকে কোনোভাবেই চ্যালেঞ্জ করতে চাই না। স্থানীয় একাডেমিগুলো থাকা খুবই জরুরি। কারণ, তারাই খেলোয়াড় তৈরি করে।’
প্রাথমিকভাবে বগুড়া, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশালের মতো শহরগুলোতে একাডেমি চালুর পরিকল্পনা রয়েছে। এসব স্থানে আগে থেকেই মাঠ, উইকেট, ইনডোর সুবিধা ও কোচ থাকায় নতুন করে বড় বিনিয়োগের প্রয়োজন দেখছেন না বোর্ডপ্রধান।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেটে যদি একটা একাডেমি হয়, সেখানে মাঠ আছে, উইকেট আছে, ইনডোরও আছে। আমার কী লাগবে একাডেমি শুরু করতে? বল আর কাপড়। আমার সব সুযোগ-সুবিধা আছে। একইভাবে চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালেও। কোচও আছে।’
শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি এড়াতে সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে বিসিবির। তামিম জানান, নির্বাচিত ৫০ বা ৬০ জন ক্রিকেটারের প্রশিক্ষণের সব দায়িত্ব নেবে বোর্ড এবং তাদের কোনো অর্থ দিতে হবে না।
পাশাপাশি বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রস্তুতির সময়ও বাড়াতে চান তামিম; তার পরিকল্পনা অনুযায়ী, টুর্নামেন্টের অন্তত চার মাস আগে খেলোয়াড় বাছাই করে প্রশিক্ষণ শুরু করা হবে। দীর্ঘ মেয়াদে দেশের ৬৪ জেলায় বিসিবির একাডেমি গড়ার স্বপ্নও দেখছেন বিসিবি সভাপতি।
ডিআর




