পশুর নদীর পাড়ে দাঁড়িয়ে এক জেলে আক্ষেপ করে বলছিলেন, ‘আমার ঘর তিনবার নদীতে বিলীন হয়েছে। আমি তো কার্বন নিঃসরণ করি না, তবু কেন আমাকেই বারবার ভাসতে হয়?’
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় মোংলার কানাইনগর এলাকায় পশুর নদীর পাড়ে এমন প্রশ্নই তুলে ধরেন শত শত জলবায়ু উদ্বাস্তু, জেলে, বনজীবী ও নদীভাঙনকবলিত মানুষ। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির দায় যেসব দেশ সবচেয়ে কম বহন করছে, সেই দেশগুলোর মানুষের ওপরই কেন সবচেয়ে বেশি দুর্ভোগ নেমে আসছে—সমাবেশে সেই প্রশ্নের পাশাপাশি জলবায়ু ন্যায্যতার দাবি জানানো হয়।
তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ‘গ্লোবাল ডে অব অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে মোংলায় সাইকেল র্যালি, মানববন্ধন ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, উদয়ন যুব সংঘ ও ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় পরিবেশকর্মী, জেলে, বনজীবী, যুব সংগঠক ও জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষ অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন ধরা'র কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।
তিনি বলেন, ‘জলবায়ু সংকট সৃষ্টিতে বাংলাদেশের অবদান সবচেয়ে কম হলেও দেশটি এর ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছে। এই ক্ষতির দায় ধনী দেশগুলোর। তাই ঋণ নয়, অনুদান দিতে হবে। ঋণ দিয়ে আমাদের নতুন করে ঋণের ফাঁদে ফেলা যাবে না। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা, অভিযোজন ও সংকট সমাধানে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সুন্দরবনবিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ সব জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে হবে। জীবাশ্ম জ্বালানি জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। তাই জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে।’
কমলা সরকার বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। ২০৫০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করতে হবে। বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি ছাড়িয়ে গেলে সুন্দরবন থাকবে না, মোংলাও থাকবে না।’
মেহেদী হাসান বলেন, ‘পরিবেশবিধ্বংসী বৃহৎ শিল্পভিত্তিক কৃষি এবং ভূমি, পানি ও বীজের ওপর করপোরেট একচেটিয়া নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। স্থানীয় বীজ, ঐতিহ্যগত ও আদিবাসী জ্ঞান, পরিবেশবান্ধব কৃষি এবং জলবায়ু সহনশীল খাদ্য উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে হবে।’
জানে আলম বাবু বলেন, ‘জলবায়ুর অভিঘাত থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষা করতে হবে। নদী, সমুদ্র, বন, ভূমি, মাটি, প্রাণী ও জীববৈচিত্র্যের অধিকার নিশ্চিত করতে হবে। ব্যাপক পরিবেশ ধ্বংসকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, পশুর রিভার ওয়াটারকিপারের সংগঠক অসীমা মন্ডল, বৃষ্টি সরকার প্রমুখ। সমাবেশ শেষে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে একটি সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি কানাইনগর থেকে শুরু হয়ে মোংলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা ‘ঋণ নয়, অনুদান দাও’, ‘জীবাশ্ম জ্বালানি বন্ধ করো’ এবং ‘সুন্দরবন বাঁচাও, মোংলা বাঁচাও’সহ বিভিন্ন স্লোগান দেন। র্যালিতে অংশ নেওয়া এক বনজীবী বলেন, ‘আমরা বিশ্বের নেতাদের বলতে চাই, আপনারা আন্তালিয়ায় বসে সিদ্ধান্ত নিচ্ছেন, আর আমরা এখানে পানিতে ডুবছি। আমাদের কথা শুনুন।’
মোংলার এই কর্মসূচির মধ্য দিয়ে জলবায়ু ন্যায্যতার দাবি আবারও সামনে এসেছে। স্থানীয় মানুষের বক্তব্যে উঠে এসেছে নদীভাঙন, বসতভিটা হারানো, জীবিকা সংকট ও সুন্দরবনের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। তাঁদের দাবি, জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ ও ন্যায্য অর্থায়ন নিশ্চিত করতে হবে।
এসএ





