কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি।
আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলাটি করেন। রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়। পরে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা যৌথভাবে তাকে গ্রেফতার করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মামলা দায়ের করা হয় এবং এরপরই পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। এ সময় তার ব্যক্তিগত ও দাফতরিক মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম এ তদন্ত করছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জাহাঙ্গীর আলমের মোবাইল ফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামার বিষয়ে বক্তব্য পাওয়া গেছে। সেখানে ১৯৯৬ সালের রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে বাংলাদেশকে উদ্ধারের কথাও বলা হয়েছে। এ ধরনের আরও কয়েকটি কথোপকথনের তথ্য এজাহারে উল্লেখ রয়েছে। তবে বার্তাগুলো কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
মামলাটির তদন্তের দায়িত্ব পেতে পারে পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট।
জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।
এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
বিএইচ




