কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি মসজিদের ভেতরে মলমূত্র ছিটিয়ে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার বটতলা রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মসজিদের মুয়াজ্জিন।
মসজিদের মুয়াজ্জিন মো. ছাবেদ আলী (৬৫) জানান, শনিবার ভোর পৌনে ৫টার দিকে ফজরের আজান দিতে বাড়ি থেকে মসজিদের উদ্দেশে রওনা হন তিনি। মসজিদের সামনে পৌঁছে কয়েকজন ব্যক্তিকে বালতি হাতে চলে যেতে দেখেন। পরে মসজিদের ভেতরে প্রবেশ করে দরজা-জানালা, দেয়াল ও মেঝেতে মলমূত্র ছড়িয়ে থাকতে দেখেন।
এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি নিয়ে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগে সাক্ষী হিসেবে মো. মেহের জামাল, মো. নুর জামাল মিয়া ও মো. আব্দুল গলির নাম উল্লেখ করা হয়েছে।
মুয়াজ্জিন ছাবেদ আলী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মসজিদের ভেতরে মলমূত্র ছিটানোর ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: বিডি নিউজ
বিএইচ




