যশোরের শার্শায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শিপন মোড়ল (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার শিকারপুর পূর্বপাড়া গ্রামের মৃত আবুল মোড়লের ছেলে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে শিকারপুর বাজারের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার শিপন মোড়লের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে রোববার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে শার্শা থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসএ




