চাকরি ও জীবিকা ফিরে পাওয়ার দাবিতে রাজপথে নেমেছেন এস আলম গ্রুপের বন্ধ কারখানার চাকরিচ্যুত শ্রমিকরা। চট্টগ্রামের কর্ণফুলীতে গ্রুপটির বন্ধ থাকা সব শিল্পকারখানা দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কয়েক শ শ্রমিক। একই সঙ্গে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নিয়েছেন তাঁরা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শ্রমিকরা মিছিল নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশে যাত্রা করেন। এ সময় তাঁদের হাতে কারখানা খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে আয়-রোজগার বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁদের। দ্রুত কারখানাগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ ফিরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা। পাশাপাশি এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়ার কথা জানান শ্রমিকরা।
এদিকে শ্রমিকদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
জানা গেছে, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক, ইছানগর ও কালারপুল এলাকায় এস আলম গ্রুপের সিমেন্ট, ইস্পাত, সয়াবিন ও চিনিসহ বিভিন্ন খাতের ১০টিরও বেশি শিল্পকারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কয়েক হাজার শ্রমিক কর্মরত ছিলেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে একে একে বন্ধ হয়ে যায় গ্রুপটির এসব কারখানা। সর্বশেষ বন্ধ ঘোষণা করা হয় এস আলম সুগার মিল। এতে বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়েন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, এস আলমের কারখানাগুলো চালুর দাবিতে শ্রমিকরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় পুলিশ সতর্ক অবস্থানে ছিল। তবে শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এসএ




