বর্তমানে কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের নিজ নিজ এলাকায় বহাল রাখা এবং নতুন করে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। তাদের এ কর্মসূচির কারণে দুই জেলাতেই বন্ধ রয়েছে বিয়ে ও তালাক নিবন্ধনের কার্যক্রম।
সোমবার (১৬ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার ৪৫টি ইউনিয়ন ও চারটি পৌরসভার সব নিকাহ রেজিস্ট্রার অংশ নেন।
একই দাবিতে ঝিনাইদহেও জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির ব্যানারে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে কর্মসূচিতে বক্তারা বলেন, আইন মন্ত্রণালয় লাইসেন্সভুক্ত এলাকার বিভাজন করে প্রতি ইউনিয়নে তিনজন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে তিনজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।
এ সিদ্ধান্তকে অযৌক্তিক ও হঠকারী আখ্যা দিয়ে তারা বলেন, বর্তমানে কর্মরত নিকাহ রেজিস্ট্রাররা নিজ নিজ এলাকায় বিয়ের সংখ্যা ও নগদ মোহরের পরিমাণ কম থাকায় দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে রয়েছেন। এমন পরিস্থিতিতে নতুন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের কোনো যৌক্তিকতা নেই। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি কাজী সেতাউর রহমান, সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারী, নির্বাহী সভাপতি কাজী মোজাম্মেল হক এবং পৌরসভার কাজী দুরুল আলমসহ জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও অবস্থান নিয়ে কলম বিরতি পালন করেন নিকাহ রেজিস্ট্রাররা।
সেখানে বক্তারা বলেন, বর্তমানে দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে নিকাহ রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। কিন্তু সরকার নতুন করে প্রতিটি ইউনিয়নে আরও দুজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে একই এলাকায় একাধিক নিকাহ রেজিস্ট্রারের মধ্যে প্রতিযোগিতা বাড়বে। এতে পুরোনো ও নতুন উভয় শ্রেণির নিকাহ রেজিস্ট্রার আর্থিক সংকটে পড়বেন।
বিএইচ




