তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাটে আজ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো লালমনিরহাট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মহাসড়ক থেকে শুরু করে জেলা শহরের বিভিন্ন এলাকা সাজানো হয়েছে আবহমান বাংলার গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপকরণে। পাশাপাশি সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
সফরসূচি অনুযায়ী, বিভিন্ন উন্নয়নমূলক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে দলীয় কর্মসূচিতে অংশ নিতে তিনি এ জেলায় এলেও সরকারপ্রধান হিসেবে এটিই তাঁর প্রথম সফর। তাঁর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে নেওয়া হয়েছে নানা বর্ণাঢ্য প্রস্তুতি। তাঁর যাতায়াতের সড়ক ও মহাসড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। রং-তুলির ছোঁয়ায় সাজানো হয়েছে সড়কের দুই পাশের গাছপালা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা। আলোকসজ্জায় উজ্জ্বল হয়ে উঠেছে শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও সমাবেশস্থল। ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে শহরের অলিগলি।
বিশেষভাবে সাজানো হয়েছে লালমনিরহাট-রংপুর মহাসড়কের দুই পাশ। সেখানে ফুটিয়ে তোলা হয়েছে আবহমান বাংলার গ্রামীণ জীবন, লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির নানা চিত্র। প্রধানমন্ত্রীর যাত্রাপথ ও সমাবেশস্থলকে দৃষ্টিনন্দন করে তুলতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গ্রামীণ ঐতিহ্যবাহী গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবে। আঞ্চলিক গান ও নৃত্যের মাধ্যমে তুলে ধরা হবে লালমনিরহাটসহ বৃহত্তর রংপুর অঞ্চলের সমৃদ্ধ লোকজ সংস্কৃতি।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে বিমানবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর সদর উপজেলার মহেন্দ্রনগরের মণ্ডলেরহাটে মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
দুপুরের খাবার ও বিশ্রামের জন্য প্রধানমন্ত্রীর অবস্থানের কথা রয়েছে লালমনিরহাট সার্কিট হাউসে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাঁর মধ্যাহ্নভোজের মেনুতে রাখা হয়েছে জেলার ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার। এর মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে তিস্তা নদীর সুস্বাদু বৈরালী মাছ এবং বাহারি পদের ভর্তা। এদিকে প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন কর্মসূচি সফল করতে তিনটি স্থানে পৃথক তিনটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। ডগ স্কোয়াডের মাধ্যমে সমাবেশস্থল ও যাতায়াতের পথ নিবিড়ভাবে তল্লাশি করা হয়েছে। পুরো সফরপথে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন।
সার্বিক প্রস্তুতি সম্পর্কে লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, “প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলাবাসী অত্যন্ত উজ্জীবিত। তাঁকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একই সঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে কিছু সড়কে সাময়িকভাবে যান চলাচল সীমিত রাখা হলেও সাধারণ যাত্রীদের চলাচলের জন্য বিকল্প পথের ব্যবস্থা রাখা হয়েছে।”
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি লালমনিরহাটে প্রথম সফর। দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বরাবরের মতোই আমরা আমাদের গ্রামীণ ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি, প্রধানমন্ত্রীর সমাবেশস্থল আজ বিশাল জনসমুদ্রে পরিণত হবে।”
এসএ




