দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দেশের সব বিমানবন্দরে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়। বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল মেনে চলতে বলা হয়েছে। এর অংশ হিসেবে প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি বাড়ানো, বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় নজরদারি জোরদার এবং সার্বক্ষণিক টহল অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি আরও কঠোর করতে বলা হয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা নিশ্চিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যানবাহন তল্লাশিতেও বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেসব স্থানেও রাতের বেলায় নিরাপত্তা টহল, নজরদারি ও পর্যবেক্ষণ চালু রাখতে বলা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করতে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাগুলোকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ল্যান্ডসাইডের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে।
বিএইচ




