সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে হামলার শিকার হওয়ার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আশরাফ আলী এনায়েতপুর থানার গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী ব্যাপারীর ছেলে। তিনি স্থানীয় দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।
নিহতের মামা আছির উদ্দিন জানান, বুধবার রাত ১০টার দিকে স্থানীয় একটি দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। পথে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত পেছন থেকে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে আশরাফের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
আছির উদ্দিন আরও জানান, আশরাফ আলী আওয়ামী লীগের সমর্থক ছিলেন এবং একসময় দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এদিকে, এ হত্যাকাণ্ডের জন্য বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন জানান, বুধবার রাতে গোপরেখী ধরপাড়া গ্রামে আশরাফ আলী নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, "খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"




