বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকতান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এতে দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় এক হাজার পর্যটক। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাঁদের কক্সবাজারে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার সেন্টমার্টিন যাওয়ার জন্য আগাম টিকিট কাটা পর্যটকদের ভ্রমণও স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌপথে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করবে না। গত মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ নভেম্বর) দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকদের একটি বড় অংশ এখনো সেখানে অবস্থান করছেন।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, সমুদ্রের পরিস্থিতি অনুকূলে না থাকলে পর্যটকবাহী জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ। তাই আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম দপ্তর জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা জারি করে। বুধবার রাতে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক নয়ন শীল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে হবে।
এ নির্দেশনার আওতায় কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন ছাড়াও কক্সবাজার-মহেশখালী, পেকুয়া-কুতুবদিয়া, বাঁশখালী-কুতুবদিয়া, কুমিরা-গুপ্তছড়া ও চট্টগ্রাম-চরগজারিয়াসহ কয়েকটি নৌপথ রয়েছে। এসব পথে চলাচলকারী নৌযানের মালিক ও মাস্টারদের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ১৮ নভেম্বরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকতান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পর্যন্ত সাগরে বিরূপ আবহাওয়া ও সতর্কসংকেত অব্যাহত থাকতে পারে। ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার পরও সমুদ্র কিছু সময় উত্তাল থাকতে পারে। ফলে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করেই জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, গত ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে যাওয়া এক হাজারের বেশি পর্যটক এখনো সেখানে অবস্থান করছেন। বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় তাঁরা ফিরতে পারছেন না। আবহাওয়া স্বাভাবিক হলে তাঁদের কক্সবাজারে ফেরার সুযোগ তৈরি হবে।
দ্বীপের পশ্চিম পাড়ার একটি রিসোর্টে অবস্থান করছেন পর্যটক মাহবুব আহমদ শাকিল। তিনি বলেন, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার অবস্থা দেখে মনে হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। যাত্রা বিলম্ব হলেও এখানে অবস্থান করা ছাড়া আর কোনো উপায় নেই।
এদিকে বৃহস্পতিবার সেন্টমার্টিন যাওয়ার জন্য আগাম টিকিট কাটা পর্যটকদের ভ্রমণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে তাঁদের টিকিটের টাকা ফেরত অথবা পরবর্তী সময়ে ভ্রমণের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
তিনি জানান, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে আগাম টিকিট কাটা পর্যটকেরা একই টিকিট ব্যবহার করে পরবর্তী সময়ে দ্বীপে যেতে পারবেন। ভ্রমণ সম্ভব না হলে টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।
চলতি বছরের ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে এ রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। গত ১৩ নভেম্বর চারটি জাহাজে করে ১ হাজার ৭৫৪ জন পর্যটক দ্বীপ ভ্রমণ করেন। মৌসুম শুরুর পর এক দিনে এটিই ছিল সর্বোচ্চ পর্যটক যাতায়াত। বুধবারও চারটি জাহাজে করে দ্বীপে গেছেন ১ হাজার ২৪১ জন। তাঁদের মধ্যে এমভি বারো আউলিয়ায় ৪৭২, কর্ণফুলী এক্সপ্রেসে ৩৭২, এমভি টেকনাফে ১৪৫ এবং এমভি মালঞ্চে ২৫২ জন ছিলেন।
সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী জানান, দ্বীপে এক রাতে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। মৌসুমের শুরুতে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকলেও ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের চাপ বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের সুযোগ রয়েছে। এ সময়ে পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপন করতে পারবেন। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। পাশাপাশি ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।
দ্বীপের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য একাধিক বিধিনিষেধও রয়েছে। রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি ও বারবিকিউ পার্টি আয়োজন নিষিদ্ধ। এ ছাড়া সৈকতে মোটরসাইকেল ও সি-বাইক চলাচল এবং দ্বীপের প্রাকৃতিক সম্পদ সংগ্রহেও বিধিনিষেধ রয়েছে।
আপাতত আবহাওয়ার উন্নতি ও সমুদ্র পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন দ্বীপে আটকে পড়া পর্যটকেরা। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার পাশাপাশি নতুন করে পর্যটক পরিবহনের বিষয়টিও নির্ভর করছে আবহাওয়ার অনুকূল পরিস্থিতির ওপর।
এসএ




