গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আগুনে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন দলটির নেতাকর্মীরা। পরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে স্লোগান দিতে দিতে মুকসুদপুর থানার সামনে যান তারা। সেখানে ইটপাটকেল নিক্ষেপের পর থানার ভেতরে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালান।
একপর্যায়ে থানার ভেতরে ও বাইরে থাকা বিভিন্ন গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বাইরে রাখা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। ঘটনার সময় থানায় কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। একপর্যায়ে পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান।




