রাস-পূর্ণিমা তিথি উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় বসতে যাচ্ছে মতুয়া ভক্ত ও অনুসারীদের মিলনমেলা। আগামী ২৩ নভেম্বর (সোমবার), ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, কুয়াকাটায় অনুষ্ঠিত হবে ২২তম ঐতিহাসিক মতুয়া মহাসম্মেলন ও পুণ্যস্নান-২০২৬। শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
আয়োজক সূত্রে জানা গেছে, বিশ্বের ৬১টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে এবং গোপালগঞ্জের কাশিয়ানীর শ্রীধাম ওড়াকান্দির সংশ্লিষ্ট নেতৃত্বের সহযোগিতায় এ মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। পবিত্র রাস-পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের মতুয়া ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।
অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি ও মহামতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর (শিবু)। আশীর্বাদক হিসেবে থাকবেন ব্রহ্মচারী শ্রীমৎ রবি পাগল, গদিসমাসীন গুরুদেব, কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির সেবাশ্রম, বরগুনা। মঙ্গলদীপ প্রজ্বলন করবেন মহিপুর, কলাপাড়ার ব্রহ্মচারী শ্রী সুবোধ চাঁদ সেবাশ্রমের শ্রীমৎ প্রসেনজিৎ গোঁসাই।
মহাসম্মেলনে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সিনেট কমিটির চেয়ারম্যান ড. গোকুল চন্দ্র বিশ্বাস এবং একই কমিটির সদস্য ড. সঞ্জয় কুমার দাস।
আয়োজকরা জানান, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শ এবং মতুয়া ধর্মীয় ভাবধারাকে ধারণ করে পবিত্র রাস-পূর্ণিমা তিথিতে এ ঐতিহাসিক মহাসম্মেলন ও পুণ্যস্নানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দেশ-বিদেশের মতুয়া ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মানুষকে পরিবার-পরিজন ও স্বজনদের নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, কুয়াকাটার মনোরম সমুদ্রসৈকতে এ ধর্মীয় মহাসম্মেলন ও পুণ্যস্নান মতুয়া সম্প্রদায়ের ভক্ত-অনুসারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে।
এসএ




