নওগাঁর রাণীনগরে নিখোঁজের আড়াই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি সানজিদা সানু (১৬) নামের এক কিশোরীর। মেয়েকে ফিরে পাওয়ার অপেক্ষায় উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সানজিদা সানু উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের প্রবাসী শেখের আলী সরদারের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পারিবারিক কাজে বাড়ি থেকে আবাদপুকুর বাজারের উদ্দেশ্যে বের হয় সানজিদা। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সানজিদার মা মুক্তি বিবি জানান, মেয়েকে নিখোঁজের পর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে। কিন্তু আড়াই মাস পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। এতে তারা দিশেহারা হয়ে পড়েছেন। মেয়েকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে সানজিদার অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে পরিবারকে জানানোর অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, মেয়েটির পরিবার থানায় এসেছিল। পুলিশের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হয়েছে। তবে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তার পরিবার সম্ভবত আদালতে মামলা করেছে। বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।
দীর্ঘদিন ধরে মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা। সানজিদাকে উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্বজনরা।
এসএ




