দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে হারের পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করায় তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।
আইসিসি এক বিবৃতিতে হৃদয়ের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। গত ২৪ মাসের মধ্যে এটি তার প্রথম অপরাধ। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করে আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন তিনি।
ঘটনাটি ঘটে জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে। খারাপ আলোর কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের সিদ্ধান্তের সমালোচনা করেন হৃদয়। তার দাবি ছিল, আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল। এ সময় আম্পায়ারদের সঙ্গে আগ্রাসী ও অশোভন আচরণ করেন তিনি।
নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন হৃদয়। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন তিনি। ফলে এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এর আগে একই টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পান বাংলাদেশের পেসার ইবাদত হোসেন চৌধুরী। ইনিংসের ১৭তম ওভারে ব্যাটার নিরাপদে নিজের ক্রিজে অবস্থান করলেও তার দিকে অনুপযুক্ত ও বিপজ্জনকভাবে বল ছুড়ে মারেন ইবাদত।
এ ঘটনায় আইসিসির আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়ের দিকে অনুপযুক্ত বা বিপজ্জনকভাবে বল ছুড়ে মারা এই ধারার আওতাভুক্ত লেভেল ওয়ান অপরাধ। এ জন্য ইবাদতকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়। পাশাপাশি তার নামের পাশে যোগ হয় একটি ডিমেরিট পয়েন্ট।
এনএ




