নওগাঁর মান্দায় একই দিনে পৃথক দুটি স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপির দুই পক্ষ। আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি, ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এসব কর্মসূচিকে ঘিরে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ বিভক্তির চিত্র সামনে এসেছে। এতে সাধারণ নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি ও সিদ্ধান্তহীনতা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার প্রসাদপুর বাজার এবং রাজশাহী-নওগাঁ মহাসড়কের ফেরিঘাট এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।
মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান স্থিতিশীলতা বিনষ্ট এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির দোসররা বিভিন্নভাবে অপতৎপরতা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানানো হয়।
ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে সকাল ১০টায় ফেরিঘাট গোলচত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীদের একটি অংশ।
অন্যদিকে, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে তাঁর ফেসবুক পোস্টে মান্দা আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর নেতৃত্বে সকাল ১০টায় প্রসাদপুর বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমবেত হওয়ার আহ্বান জানান। এরই ধারাবাহিকতায় একই সময়ে প্রসাদপুর বাজারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি ও সহযোগী সংগঠনের আরেকটি অংশ।
একই দিনে, একই সময়ে উপজেলার দুটি পৃথক স্থানে দলীয় কর্মসূচি পালিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মী জানান, দুটি পৃথক কর্মসূচির কারণে তাঁরা কোনটিতে অংশ নেবেন, তা নিয়ে সিদ্ধান্তহীনতায় পড়েন। এ কারণে অনেকে কোনো কর্মসূচিতেই অংশ নেননি।
সংশ্লিষ্টদের মতে, দলীয় কর্মসূচি পালনে সমন্বয়হীনতা এবং নেতৃত্বের মধ্যে দূরত্বের কারণে সাধারণ কর্মী-সমর্থকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। একই কর্মসূচি ঘিরে দুই স্থানে পৃথক আয়োজন স্থানীয় বিএনপির সাংগঠনিক ঐক্য নিয়েও প্রশ্নের জন্ম দিয়েছে।
এসএ




