ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুই দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বগুড়ায় পাকা ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার ১৩টি উপজেলায় মোট ১ হাজার ৫৪১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিপাকে পড়েছেন ৮ হাজার ৪৯১ জন কৃষক। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন ধানের। অনেক জমিতে কেটে রাখা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত শনি ও রোববারের বৃষ্টিতে জেলার বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৪৫ হেক্টর জমির পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সারিয়াকান্দিতে। এ উপজেলায় ৭৫০ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর গাবতলীতে ২২০ হেক্টর, শিবগঞ্জে ৯০ হেক্টর, আদমদীঘিতে ৭৫ হেক্টর এবং নন্দীগ্রামে ৫ হেক্টর জমির ধানের ক্ষতি হয়েছে।
এ ছাড়া বৃষ্টিতে ২১৩ হেক্টর জমির সরিষা, ১০৫ হেক্টর আগাম আলু, ৫২ হেক্টর সবজি, ১০ হেক্টর মরিচ, ৩ হেক্টর ভুট্টা এবং ১৩ হেক্টর বিভিন্ন শাকসবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি বিভাগের তথ্যে উল্লেখ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মোহাম্মদ সামসুদ্দিন ফিরোজ জানান, দুই দিনের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রয়েছে কৃষি বিভাগ। কৃষি কর্মকর্তারা সরাসরি মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের সমস্যার সমাধানে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, জেলার ১৩টি উপজেলায় ক্ষতিগ্রস্ত ৮ হাজার ৪৯১ জন কৃষককে তালিকাভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির তথ্য কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য বরাদ্দ পাওয়া গেলে তা তাঁদের কাছে পৌঁছে দেওয়া হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, চলতি মৌসুমে বগুড়ায় ১ লাখ ৮৩ হাজার ৫০৫ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর বিপরীতে আবাদ হয়েছে ১ লাখ ৮৪ হাজার ২৪৫ হেক্টর জমিতে। এ ছাড়া জেলায় ২ লাখ ৯৩ হাজার ৬২৩ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এসএ




