রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাসুদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাঁকে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান শেষে ইউএনও আমেনা মারজান জানান, কাচালং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে মাদ্রাসাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাসুদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, নদী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ




