হবিগঞ্জের মাধবপুরে পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’—এমন হুমকিমূলক ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসা নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবুকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আতাউস সামাদ ওই গ্রামের আব্দুর রউফের ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সন্ধ্যায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ইকতার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আতাউস সামাদকে গ্রেপ্তার করে। সম্প্রতি মাধবপুর থানায় পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা এবং সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আতাউস সামাদ। ওই বছরের ৬ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল। পরে জামিনে মুক্তি পান তিনি।
জামিনে মুক্তির পর গত ১৭ অক্টোবর পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে দেওয়া তার একটি হুমকিমূলক ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাআল্লাহ।’




