নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন। সংগঠনটির আগের কেন্দ্রীয় কমিটিতে তিনি উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি আলোচনা সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আলোচনায় আসেন তানিয়া আক্তার তাপসী।
ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী তাপসীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।
২০২৩ সালের ২৪ আগস্ট ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে টিএসসিতে আয়োজিত এক আলোচনা সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে ওই ঘটনার সূত্রপাত হয়। একপর্যায়ে তানিয়া আক্তার তাপসীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নেত্রী ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে ঘিরে ধরেন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
বিএইচ




