ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। বাসমালিকের দাবি, এ ঘটনায় তাঁর প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করত।
প্রত্যক্ষদর্শী রবিন দাস জানান, মধ্যরাতে একটি অটোরিকশায় করে তিন থেকে চারজন ব্যক্তি ঘটনাস্থলে আসে। তাঁদের মধ্যে একজন চলন্ত অটোরিকশা থেকে পার্কিংয়ে থাকা বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে বিকট শব্দে বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।
বাসমালিক রাসেল বলেন, দিনের কাজ শেষে বাসের কর্মীরা গাড়িটি পার্কিংয়ে রেখে বাসায় চলে যান। এর কিছুক্ষণ পরই এ ঘটনা ঘটে। চলন্ত অটোরিকশা থেকে পেট্রোল বোমা ছুড়ে বাসটিতে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এতে তাঁর প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার গোলাম মোস্তফা জানান, রাত ১২টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সাত মিনিটের মধ্যে কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সাইনবোর্ড এলাকায় বাসে আগুনের ঘটনাটি তাঁর নজরে এসেছে। তবে প্রাথমিকভাবে ঘটনাস্থলটি যাত্রাবাড়ী থানার আওতাধীন বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান জানান, ঘটনাস্থলটি তাঁদের থানার আওতাধীন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছেছে। স্থানীয়রা দূর থেকে প্রথমে আগুন দেখতে পান। এটি নাশকতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাসটি ঘটনাস্থলে রয়েছে। বাসমালিকের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিএইচ




