রাস পূর্ণিমার পুণ্যস্নানে অংশ নিতে দুবলার চরের উদ্দেশে যাত্রা করেছিলেন তাঁরা। কিন্তু সুন্দরবনের গভীর নদীতে মাঝপথে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে স্রোতের টানে ভাসতে থাকে পুণ্যার্থীবাহী বোট। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, একদিকে গভীর বন, অন্যদিকে উত্তাল নদী। এমন পরিস্থিতিতে কোস্ট গার্ডের দ্রুত অভিযানে উদ্ধার পেয়েছেন শিশু, নারী ও বৃদ্ধসহ ২৯ জন পুণ্যার্থী।
সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর রাত ১১টার দিকে রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করে পুণ্যার্থীবাহী বোটটি। এতে শিশু, নারী ও বৃদ্ধসহ মোট ২৯ জন যাত্রী ছিলেন।
পরদিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে বোটটি রূপের গাং-সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চালক অনেক চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে ব্যর্থ হন। একপর্যায়ে বোটটি জোয়ারের স্রোতে ভাসতে শুরু করে। এ সময় মোবাইল নেটওয়ার্কের দুর্বলতার কারণে যোগাযোগ করতেও সমস্যায় পড়েন যাত্রীরা।
এমন পরিস্থিতিতে রাত ৮টা ১৫ মিনিটে বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে উদ্ধারের আকুতি জানান। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা। একটি দ্রুতগতির উদ্ধারকারী জাহাজ নিয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন কোস্ট গার্ড সদস্যরা।
রাতের অন্ধকারে টর্চলাইট ও সার্চলাইট ব্যবহার করে দীর্ঘক্ষণ অনুসন্ধানের পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় লইট্টা খালি খাল এলাকায় বিকল বোটটির সন্ধান পান তাঁরা। পরে বোটে থাকা ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ডের জাহাজে তোলা হয়।
উদ্ধারের পর পুণ্যার্থীদের শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অসুস্থ হয়ে পড়া যাত্রীদের বিশেষ যত্ন নেওয়া হয়। পরে তাঁদের নিরাপদে দুবলার চরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, "রাস পূর্ণিমা উপলক্ষে সুন্দরবনে আগত পুণ্যার্থীদের নিরাপত্তায় কোস্ট গার্ড সার্বক্ষণিক টহল দিচ্ছে। জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু করা হয়। জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, প্রতি বছর রাস পূর্ণিমা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে হিন্দু ধর্মাবলম্বীদের ব্যাপক সমাগম ঘটে। এ সময় সুন্দরবনের দুর্গম নদীপথে নৌযান চলাচল বেড়ে যায়। ফলে নৌযানের ইঞ্জিন বিকল হওয়া, অতিরিক্ত যাত্রী বহন এবং ফিটনেসবিহীন বোট চলাচল নিয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
স্থানীয়দের মতে, কোস্ট গার্ডের দ্রুত তৎপরতায় এবার বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রাস মেলা চলাকালে সুন্দরবনের নদীপথে টহল জোরদার এবং ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া ২৯ জন পুণ্যার্থী নিরাপদে রয়েছেন এবং তাঁদের দুবলার চরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এসএ




