পটুয়াখালীর কলাপাড়ায় স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘সিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি’। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া পৌরশহরের হোটেল রুসাইবা-সংলগ্ন মাঠে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম দিন পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২৫০ জন নিবন্ধিত কার্ডধারীর মধ্যে পণ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও শিথিল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসনাত রিমন সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব আরিফ সিকদার, সদস্য মো. রাসেল মোল্লা, সিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির স্বত্বাধিকারী মো. মাসুদ সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল বিশ্বাস এবং উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. ফকরুল প্রমুখ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি মো. আবু হাসনাত রিমন সিকদার জানান, গত কয়েক মাস ধরে কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার পৌরসভার তিনটি ওয়ার্ডের ২৫০ জনকে এ সুবিধার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সব বাসিন্দার কাছে এ সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী ১০০ টাকার বিনিময়ে নিজ নামে একটি কার্ড সংগ্রহ করে নিবন্ধন করলে গ্রাহক টানা দুই বছর এ সুবিধা ভোগ করতে পারবেন। প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকার প্যাকেজে কার্ডধারীরা মোট ১৩ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।
প্যাকেজে রয়েছে ২৫ কেজি চাল, ১ কেজি গরুর মাংস, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আটা, ১ লিটার সয়াবিন তেল, ২০০ মিলিলিটার সরিষার তেল, ১ কেজি মোটা লবণ, ১২৫ গ্রাম সাবান, ২০০ মিলিলিটার শ্যাম্পু, ৫০০ গ্রাম লিকুইড ভিম, ১০০ গ্রাম টুথপেস্ট, এক বক্স মশার কয়েল ও একটি বাটি।
উদ্যোক্তাদের দাবি, একই পরিমাণ পণ্য খোলাবাজার থেকে কিনতে গেলে গ্রাহকদের অন্তত ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা বেশি খরচ হতো।
পণ্য সংগ্রহ করতে আসা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিদ্দিকুর রহমান বলেন, “বাজার থেকে এক বস্তা চাল কিনতেই ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা লাগে। আর সচরাচর গরুর মাংস কেনা হয়ে ওঠে না। আজ কম দামে এসব পণ্য কিনতে পেরেছি। তবে প্রসাধনী সামগ্রীর পরিবর্তে খাবারের আইটেম আরও বাড়ালে আমাদের মতো সাধারণ মানুষের বেশি উপকার হতো।”
সিকদার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির স্বত্বাধিকারী মো. মাসুদ সিকদার বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের বাজার খরচে কিছুটা স্বস্তি দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। গ্রাহকদের ভালো সাড়া পেলে এ কার্যক্রম দীর্ঘমেয়াদে অব্যাহত থাকবে।”
উদ্যোক্তারা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে স্বল্প আয়ের পরিবারগুলোর নিত্যপণ্যের ব্যয় কিছুটা কমবে এবং পর্যায়ক্রমে পৌরসভার আরও বেশি মানুষ এ সুবিধার আওতায় আসবেন।
এসএ




