একটি আগুন কেড়ে নিয়েছিল ১১৭টি প্রাণ। ঝলসে দিয়েছিল শত শত শ্রমিকের শরীর, মুহূর্তেই তছনছ করে দিয়েছিল অসংখ্য পরিবারের স্বপ্ন। সেই আগুন নিভে গেলেও ১৪ বছর পরও শুকায়নি ক্ষত। বরং সময়ের সঙ্গে বেড়েছে আহত শ্রমিকদের চিকিৎসার ব্যয়, জীবিকার অনিশ্চয়তা, অভাব-অনটন এবং প্রতিশ্রুতি পূরণের অপেক্ষা।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১৭ জন শ্রমিক। আহত হন অন্তত ২০০ জন। বাংলাদেশের পোশাকশিল্পের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা ও শ্রমিক মৃত্যুর ঘটনা।
দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও আগুন থেকে বেঁচে ফেরা অনেক শ্রমিক স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কেউ শরীরের পোড়া ক্ষত নিয়ে দিন কাটাচ্ছেন, কেউ হারিয়েছেন কর্মক্ষমতা। আবার কেউ চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে শেষ করেছেন জীবনের শেষ সম্বলটুকুও।
আগুন থেকে প্রাণে বেঁচে ফিরলেও তাঁদের জীবন যেন প্রতিনিয়ত এক যুদ্ধের নাম। তাজরীনের সেই ভয়াবহ অগ্নিকাণ্ড শুধু শ্রমিকদের শরীর ঝলসে দেয়নি, কেড়ে নিয়েছে তাঁদের কর্মজীবন, স্বাভাবিক চলাফেরা, স্বপ্ন ও পরিবারের নিরাপত্তা। একসময় যাঁরা পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করতেন, তাঁদের অনেকেই এখন অন্যের সহযোগিতায় বেঁচে আছেন। কেউ কেউ কর্মক্ষমতা হারিয়ে পরিবারের জন্য বাড়তি সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছেন।
ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কেউ ছোটখাটো দোকান চালিয়ে সংসার পরিচালনার চেষ্টা করছেন, কেউ চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। আবার অনেকের শারীরিক অবস্থা এতটাই জটিল যে নিয়মিত কাজ করার সামর্থ্যটুকুও নেই। ওষুধ, চিকিৎসা, সংসারের ব্যয় এবং সন্তানদের ভবিষ্যৎ—সব মিলিয়ে তাঁদের জীবন কাটছে চরম অনিশ্চয়তায়। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের নিচে প্রায় অর্ধশতাধিক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন।
প্রতি বছর ২৪ নভেম্বর ফিরে আসে। আর এই দিনটি স্বজন হারানো পরিবারগুলোর কাছে নতুন করে শোকের স্মৃতি জাগিয়ে তোলে। কেউ হারিয়েছেন মা, কেউ বাবা, কেউ বোন কিংবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। তাঁদের কাছে দিনটি শুধু একটি স্মরণীয় তারিখ নয়, প্রিয়জন হারানোর বেদনা নতুন করে অনুভব করার দিন।
অগ্নিকাণ্ডের পর নিহত শ্রমিকদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ক্ষতিপূরণ, চিকিৎসা, কর্মসংস্থান ও পুনর্বাসনের নানা আশ্বাসও এসেছিল বিভিন্ন সময়ে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনেক শ্রমিক ও তাঁদের পরিবার এখনো ন্যায্য ক্ষতিপূরণ এবং স্থায়ী পুনর্বাসন থেকে বঞ্চিত বলে অভিযোগ করেছেন।
সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে, বদলেছে প্রতিশ্রুতির ভাষাও। কিন্তু তাজরীনের আগুনে ক্ষতবিক্ষত শ্রমিকদের জীবনে প্রত্যাশিত পরিবর্তন আসেনি বলে দাবি ভুক্তভোগীদের। তাঁদের অভিযোগ, বিভিন্ন সময়ে সাময়িক সহায়তা দেওয়া হলেও দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিরাপদ বাসস্থান ও সম্মানজনক জীবন নিশ্চিত করার মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
আহত শ্রমিকদের ভাষ্য, একের পর এক আশ্বাস মিললেও তাঁদের জীবনযাত্রার মৌলিক পরিবর্তন ঘটেনি। চিকিৎসার অভাবে অনেকের শারীরিক জটিলতা বাড়ছে। অন্যদিকে কর্মসংস্থানের অভাবে পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটছে তাঁদের।
শ্রমিক নেতাদের মতে, তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড শুধু একটি শিল্প দুর্ঘটনা নয়, এটি শ্রমিকের কর্মক্ষেত্রের নিরাপত্তা ও মালিকপক্ষের জবাবদিহির গুরুত্বপূর্ণ প্রশ্নও সামনে এনেছে। তাঁদের দাবি, এ ঘটনায় দায়ীদের জবাবদিহি এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
তাঁরা ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য শুধু এককালীন আর্থিক সহায়তা নয়, দীর্ঘমেয়াদি চিকিৎসা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র, স্থায়ী আবাসন, উপযুক্ত কর্মসংস্থান এবং পরিবারের সদস্যদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি নিহত শ্রমিকদের সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগে কার্যকর পুনর্বাসন কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন।
ক্ষতিগ্রস্তদের কাছে এখন আর নতুন আশ্বাস নয়, প্রয়োজন বাস্তব উদ্যোগ। দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান চান তাঁরা। তাঁদের প্রত্যাশা, চিকিৎসার অর্থের অভাবে কাউকে আর কষ্ট পেতে হবে না, কর্মক্ষমতা হারানো শ্রমিকদের পরিবার নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাতে হবে না এবং নিহত শ্রমিকদের সন্তানদের ভবিষ্যৎও অন্ধকারে হারিয়ে যাবে না।
এদিকে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, শ্রমিকবান্ধব বর্তমান সরকার তাজরীন ট্র্যাজেডিতে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও বাসস্থানের ব্যবস্থা করার বিষয়ে উদ্যোগ নেবে বলে তাঁরা আশাবাদী।
তাজরীনের আগুনে তাঁদের শরীর পুড়েছিল ১৪ বছর আগে। কিন্তু অবহেলা, অনিশ্চয়তা আর বেঁচে থাকার সংগ্রাম সেই ক্ষত আজও বয়ে বেড়াতে হচ্ছে তাঁদের। দীর্ঘ ১৪ বছর পরও তাই আহত শ্রমিক ও স্বজনহারা পরিবারগুলোর একটাই প্রত্যাশা—ন্যায্য অধিকার, চিকিৎসা, পুনর্বাসন ও সম্মানজনক জীবনের নিশ্চয়তা।
এসএ




