পটুয়াখালীর কুয়াকাটায় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রাস উৎসবকে ঘিরে লাখো পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের রাস উৎসব। আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) পূর্ণিমার তিথিতে ভোর সাড়ে ৫টায় বঙ্গোপসাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে সম্পন্ন হবে মূল ধর্মীয় আয়োজন।
উৎসব উপলক্ষে কুয়াকাটার শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের অবস্থান ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রস্তুত করা হয়েছে উৎসবস্থল। বাহারি রঙে সাজানো হয়েছে ১৭ জোড়া প্রতিমা।
রাস উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মণ্ডল বলেন, রাধাকৃষ্ণের পূজা, গঙ্গাস্নান, গীতাপাঠ, কীর্তন ও সন্ধ্যা আরতিসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এবারের রাস উৎসব উদযাপন করা হবে।
প্রতিবছর পূর্ণিমার আলোয় সমুদ্রের বুকে পুণ্যস্নানের জন্য কুয়াকাটায় ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্তের হাজারো পুণ্যার্থী। ধর্মীয় বিশ্বাস ও ভক্তির টানে তাঁদের এ আগমনকে ঘিরে সমুদ্রসৈকত ও মন্দির প্রাঙ্গণে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আগামীকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্রে পুণ্যস্নানের মধ্য দিয়ে সম্পন্ন হবে মূল ধর্মীয় আয়োজন। পাশাপাশি চলবে ঐতিহ্যবাহী রাসমেলা।
কুয়াকাটার পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ধর্মীয় এ আয়োজনকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও পর্যটন ব্যবসায় বাড়তি সম্ভাবনা তৈরি হয়েছে। পুণ্যার্থী ও পর্যটকদের বরণ করতে হোটেল-মোটেলসহ পর্যটননির্ভর ১৬টি পেশার ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়েছেন। গত বছরের তুলনায় এবার ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন তাঁরা।
উৎসবে আগত পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক নাজমুল হাসান বলেন, রাস উৎসব ঘিরে আগত পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, পৌরসভা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গত বছরের তুলনায় এবার প্রশাসনিক ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, উৎসব নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় এনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পুণ্যার্থীদের নিরাপত্তায় গত বছরের তুলনায় এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। কয়েকটি দলে ভাগ হয়ে তাঁরা দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, এসআরবিসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পুণ্যার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
ধর্মীয় উৎসবের পাশাপাশি রাসমেলাকে কেন্দ্র করে কুয়াকাটার পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে বাড়তি প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। আয়োজক ও প্রশাসনের প্রত্যাশা, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের রাস উৎসব সম্পন্ন হবে।
এসএ




