পাবনার ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা এ হামলা চালিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শুরুর ঠিক আগমুহূর্তে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঈশ্বরদীর পূর্বটেংরী গ্রামের শিপন খাঁর ছেলে মো. সিজান খাঁ (২২), শেরপাড়া গ্রামের রস্তম তারা ওরফে তারা মিয়ার ছেলে রিফাত (২৬), সাহেবপাড়া গ্রামের মজনুর ছেলে মাহিম (২৫), ঈদগাহ এলাকার পিরুর ছেলে রিসাদ (২৬) এবং শেরপাড়া গ্রামের বাবলুর ছেলে রবিউল (১৭)।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলের জন্য তারা একত্রিত হচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ সমর্থিত মিলন চৌধুরী ও কাকন বাহিনীর সশস্ত্র সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়েন।
পরে আহতদের উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএইচ




