‘ভাইরাল হয়েছি, তাই বলে কেউ ভিক্ষা কমিয়ে দিয়েন না। আমি ভাইরাল হয়েছি যেন আপনারা আমাকে চিনতে পারেন, ভিক্ষা কমে যাওয়ার জন্য নয়।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নিজের মাইকিংয়ের ভিডিও নিয়ে এভাবেই মানুষের কাছে আকুতি জানিয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক মোশাররফ হোসেন হাওলাদার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর পূবাইল বাজার এলাকায় ভিক্ষা করতে এসে দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় তিনি এ অনুরোধ জানান।
মোশাররফ বলেন, ‘আপনারা এখন অনেকেই হয়তো আমাকে চেনেন। আপনাদের সবার প্রতি আমার সালাম। যেহেতু এখন আমাকে চিনেছেন, তাই আপনাদের কাছে গেলে দয়া করে কেউ ফিরিয়ে দেবেন না। হয়তো ভাইরাল হয়েছি বলে কেউ ভাবতে পারেন, আমার ভিক্ষা কমিয়ে দিলেও চলবে। এমন চিন্তা করবেন না। আমি ভাইরাল হয়েছি যেন আপনারা আমাকে চিনতে পারেন, ভিক্ষা কমে যাওয়ার জন্য নয়।’
এ সময় নিজের পরিচয় ও ঠিকানা জানিয়ে মোশাররফ বলেন, তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ থানা এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের ভাদুন এলাকায় বসবাস করেন। কেউ চাইলে তাঁর ঠিকানায় গিয়েও সহযোগিতা করতে পারেন বলে জানান তিনি।
এর আগে গত ৭ নভেম্বর পূবাইল বাজারে মাইকিং করে ভিক্ষা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনায় আসেন মোশাররফ। ব্যতিক্রমী ভাষা ও রসিকতাপূর্ণ ঘোষণায় পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে ভিক্ষা চাইছিলেন তিনি। মাইকিংয়ে তিনি বলেছিলেন, ‘২০২৬ সালের যারা ভিক্ষা বকেয়া রেখেছেন, তারা দ্রুত পরিশোধ করুন। অন্যথায় ফকির থেকে বিচ্ছিন্ন করা হবে।’
শুধু তাই নয়, ভিক্ষার সর্বনিম্ন পরিমাণ পাঁচ টাকা নির্ধারণ এবং সকাল ১১টা ৪৮ মিনিটের মধ্যে ভিক্ষা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। তাঁর আরেকটি ব্যতিক্রমী দাবি, হাতে টাকা নিয়ে গন্ধ শুঁকেই নোটের মূল্য বলে দিতে পারেন।
মোশাররফের এমন অভিনব মাইকিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়। বিভিন্ন গণমাধ্যমেও উঠে আসে তাঁর গল্প। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়ার পরও তাঁর জীবিকার বাস্তবতা বদলায়নি। তাই ভাইরাল হওয়ার কারণে কেউ যেন তাঁকে সহযোগিতা করা কমিয়ে না দেন, সেই আকুতিই জানিয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ।
এসএ




