ময়মনসিংহের নান্দাইল উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব, শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক সমস্যা মোকাবিলায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবযোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। তিনি বলেন, প্রশাসনের একার পক্ষে উপজেলার সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এ জন্য সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা প্রশাসনিক হলরুমে নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, যানজট নিরসন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, মাদক ও জুয়ার বিস্তার রোধসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
ইউএনও ফয়সাল আহমেদ বলেন, নান্দাইলের উন্নয়ন ও জনকল্যাণে উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চায়। প্রশাসনের বিভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যমের গঠনমূলক পরামর্শ, সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উপজেলার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগ তুলে ধরার পাশাপাশি সমাধানমুখী পরামর্শ দিয়ে সাংবাদিকরা উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারেন।
তিনি আরও বলেন, যানজট নিরসন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এসব সমস্যা মোকাবিলায় প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ ও জনসম্পৃক্ততা বাড়ানো জরুরি। আইনশৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ সংরক্ষণ এবং সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
নান্দাইলকে উন্নয়ন ও সম্ভাবনার পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে ইউএনও বলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং নান্দাইলের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরীর পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনকল্যাণমূলক উদ্যোগ এবং বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করা হবে। সবার সহযোগিতায় নান্দাইলকে আরও উন্নত, সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা, জনদুর্ভোগ ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। নবাগত ইউএনও সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উপজেলার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন তিনি।
এসএ




