জাগতিক পাপমোচন ও পুণ্যলাভের প্রত্যাশায় বঙ্গোপসাগরের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় সমুদ্রের জলে স্নানের মধ্য দিয়ে উৎসবের অন্যতম প্রধান ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন হাজারো পুণ্যার্থী।
পুণ্যস্নানের আগে সনাতন ধর্মাবলম্বী নারীরা মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দুর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন। অনেকে পূর্বপুরুষদের স্মরণে এবং মানত পূরণের উদ্দেশ্যে মাথা ন্যাড়া করেন ও পিণ্ডদান করেন। এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখর হয়ে ওঠে পুরো সৈকত।
পুণ্যস্নান শেষে ভক্তরা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন। এর আগে সোমবার রাতভর চলে ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা, কীর্তন ও পূজা-অর্চনা। ভক্তদের অংশগ্রহণে পুরো সৈকতজুড়ে সৃষ্টি হয় ধর্মীয় আবহ।
কুয়াকাটায় মূল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস উৎসব শেষ হলেও কলাপাড়ার শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে এ উৎসবের আয়োজন চলবে আরও তিন দিন। উৎসবে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকত ও আশপাশের এলাকায় থানা-পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দ্বাপর যুগে মানবতা ও ধর্ম রক্ষার প্রতীক হিসেবে শ্রীকৃষ্ণের লীলাকে স্মরণ করে রাস উৎসবের প্রচলন ঘটে। তাঁদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাধা-কৃষ্ণের প্রেমলীলা স্মরণে এ উৎসব উদযাপন করা হয়।
সত্য ও সুন্দরের জয় এবং ধর্মীয় বিশ্বাসকে ধারণ করে প্রায় আড়াইশ বছর ধরে কার্তিকের পূর্ণিমা তিথিতে কুয়াকাটায় রাস উৎসব উদযাপন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিবছর এ উৎসবকে ঘিরে কুয়াকাটা সৈকতে দেশ-বিদেশের অসংখ্য পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটে।
ধর্মীয় আচার, ঐতিহ্য ও ভক্তির আবহে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো এবারের কুয়াকাটার রাস উৎসব।
এসএ




