কক্সবাজারের ঈদগাঁওতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) এবং লামা এলাকার বাসিন্দা ও পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৪)। নিহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। পরে পথচারীরা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেও দুজনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার জানান, এ ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে এবং পরে হাসপাতালে নেওয়ার পর এক নারীসহ আরও দুজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে বাকি তিনজনের পরিচয় জানা যায়নি উল্লেখ করে তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
ডিআর




