জয়পুরহাটে রাতের আঁধারে ১২ কৃষকের প্রায় ১০ বিঘা জমির শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে আসন্ন শীত মৌসুমে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী কৃষকেরা।
সোমবার (২৩ নভেম্বর) জেলার বম্বু ইউনিয়নের সতিঘাটা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে জমিতে গিয়ে শিমগাছ কাটা অবস্থায় দেখতে পান কৃষকেরা। এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে।
ভুক্তভোগী কৃষকেরা জানান, ঋণ নিয়ে ১২ জন কৃষক প্রায় ১০ বিঘা জমিতে উন্নত জাতের শিম চাষ করেছিলেন। দীর্ঘদিন ধরে শ্রম ও অর্থ ব্যয় করে গাছগুলোর পরিচর্যা করছিলেন তাঁরা। ইতোমধ্যে গাছে ফুল ও শিম ধরতে শুরু করেছিল। আর এক থেকে দুই সপ্তাহের মধ্যে এসব শিম বাজারে বিক্রি করে ঋণ পরিশোধের পাশাপাশি লাভের আশা করেছিলেন তাঁরা। কিন্তু দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে তাঁদের সব স্বপ্ন ভেঙে গেছে।
কৃষক আফছের বলেন, ধারদেনা করে প্রায় ২৫ হাজার টাকা খরচ করে ৩৩ শতক জমিতে শিম চাষ করেছিলেন তিনি। সেখান থেকে প্রায় দুই লাখ টাকার শিম বিক্রির আশা ছিল। কিন্তু দুর্বৃত্তরা গাছ কেটে দেওয়ায় তাঁর সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে গেছেন। কৃষকেরা অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এ বিষয়ে কেউ তাঁকে কিছু জানাননি এবং কোনো অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএইচ




