বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘শেখ হাসিনা বিভিন্ন জনকে শোনাচ্ছেন, তিনি অমুক ডিসেম্বর, তমুক ডিসেম্বরে বাংলাদেশে আসবেন। বাংলাদেশে আসতে ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? আজই আসুন, অথবা কালই আসুন। বাংলাদেশের মানুষ তো আপনার অপেক্ষায় আছে।’
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শেখ হাসিনা স্বাভাবিক কথার আড়ালে মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করতে পারদর্শী। একসময় ৫৭ বছর বয়সে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন; অথচ এখন ৮০ বছর বয়সে আবারও বাংলাদেশের মানুষের ওপর ক্ষমতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বিরোধী দলে গেলে আওয়ামী লীগ কখনো হরতাল করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে তারা কী করেছে তা দেশের মানুষের অজানা নয় বলে উল্লেখ করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে ফিরলে শেখ হাসিনাকে আইন ও বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে এবং বাংলাদেশের মানুষ তাঁর বিচারের অপেক্ষায় রয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে আইনের শাসন ও বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ ও নির্মোহ বিচারিক প্রক্রিয়ায় একটি মামলায় তাঁর সর্বোচ্চ শাস্তি নির্ধারিত হয়েছে এবং এটি মাত্র একটি মামলার রায়। তাঁর বিরুদ্ধে আরও কয়েক শত কিংবা কয়েক হাজার মামলা অপেক্ষমাণ রয়েছে; জনগণের ওপর সংঘটিত অত্যাচার-নির্যাতনের বিচার প্রচলিত আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে বলে জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র, অপতৎপরতা ও হুমকি ঐক্যবদ্ধভাবে মোকাবিলায় নেতাকর্মীদের রাজপথে সজাগ থাকার আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের অনুসারীরা যেকোনো পরিস্থিতিতে রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করবেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। যৌথভাবে পরিচালনা করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ডিআর




