কক্সবাজারের ঈদগাঁওতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মা ও শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন।
দুর্ঘটনায় আহত তিনজনকে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে একজন রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন; আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডিআর




