কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবু বাকের মজুমদারের গ্রামের বাড়ির পাশে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকিমূলক চিরকুটসহ একটি বাক্স পাওয়া গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে তাঁর পরিবারের লোকজন বাক্সটি দেখতে পান।
আবু বাকেরের অভিযোগ, তাঁকে হত্যার হুমকি দেওয়ার উদ্দেশ্যে এসব রেখে যাওয়া হয়েছে। তাঁর ভাষ্য, ‘বাড়ির পাশে দাফনের কাপড় রেখে গেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও বিভিন্ন নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।’ ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা হত্যার হুমকি দিয়ে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
আবু বাকেরের বড় ভাই আবু বকর সজিব বলেন, সকালে বাড়ির পাশে বাক্সটি দেখতে পেয়ে খোলার পর ভেতরে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাওয়া যায়। পরে বিষয়টি বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি ও ভিডিওসহ পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, বাক্সের ভেতরে থাকা চিরকুটে বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আবু বাকের ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বরুড়া উপজেলা এনসিপি; পাশাপাশি দলটি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
তবে এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ করা হয়নি। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ঘটনাটি শুনেছেন; তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করতে থানায় আসেননি।
ডিআর




