রাজশাহীর পুঠিয়া উপজেলায় কয়েক দিনের বৃষ্টিতে পাকা ধানের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মাঠ থেকে ধান কেটে জমিতে শুকাতে দেওয়ার পর হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। বৃষ্টিতে কাটা ধান ভিজে যাওয়ায় ফসলের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা।
স্থানীয় কৃষক শরিফুল ইসলাম ও উজ্জল জানান, মৌসুমের শেষ সময়ে অনেক কৃষক পাকা ধান কেটে জমিতে শুকানোর জন্য রেখেছিলেন। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে সেই ধান ভিজে গেছে। কোথাও কোথাও কাটা ধান পানিতে ডুবে যাওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে ধান শুকানো ও ঘরে তোলা নিয়ে দুর্ভোগে পড়েছেন তারা।
কৃষকরা জানান, ধান ঘরে তোলার পর জমিতে রসুনসহ অন্যান্য ফসল চাষের প্রস্তুতি নেওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ধান সংগ্রহে দেরি হওয়ায় পরবর্তী ফসলের আবাদও পিছিয়ে যাচ্ছে। এতে বাড়তি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তারা।
তাদের আশঙ্কা, ভেজা ধান সময়মতো শুকাতে না পারলে অঙ্কুরোদ্গম, পচন ও রঙের পরিবর্তন হতে পারে। এতে বাজারে ধানের দাম কমে যাওয়ার পাশাপাশি উৎপাদন খরচ তোলাও কঠিন হয়ে পড়বে।
সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার মুহূর্তে বৃষ্টির কারণে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে না থাকায় ধান শুকানো ও সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, বৃষ্টিতে ক্ষতির পরিমাণ নিরূপণ করে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার ব্যবস্থা করা হোক।
পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার জানান, এ বছর উপজেলায় ৭ হাজার ৪৬৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৮ হাজার ৬৮ মেট্রিক টন এবং হেক্টরপ্রতি সম্ভাব্য ফলন ৩ দশমিক ৭৬ টন।
তিনি বলেন, আবহাওয়া খারাপ হওয়ার পূর্বাভাসের বিষয়ে কৃষকদের আগেই সতর্ক করা হয়েছিল এবং দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে অনেক কৃষক সেই পরামর্শ গুরুত্ব না দেওয়ায় ক্ষতির মুখে পড়েছেন। বৃষ্টিতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা হয়নি।
বিএইচ




