শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ নামে একটি বই সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। পর্যায়ক্রমে পঞ্চম, ষষ্ঠ ও দশম শ্রেণিতেও খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেডিয়ামে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২৭-এর ফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, খেলাধুলাকে আর ঐচ্ছিক বিষয় হিসেবে রাখা হয়নি, বরং বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে চায় সরকার।
তিনি বলেন, সাধারণত অভিভাবকেরা সকালে সন্তানদের স্কুলে নিয়ে যান এবং ছুটির পর বাসায় ফিরিয়ে আনেন। সরকার এমন পরিবেশ তৈরি করতে চায়, যেখানে অভিভাবকেরা সন্তানদের বিকেলেও খেলার মাঠে আসতে উৎসাহিত করবেন। খেলাধুলা যেন শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে, সেটিই এ উদ্যোগের লক্ষ্য।
প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলায় অংশগ্রহণকে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণিতে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে আগামী প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক, রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিএইচ




