আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ ও গণমিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর লালখান বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য সাঈদ আল নোমানের নেতৃত্বে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান বলেন, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে থামানো যাবে না। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। যেকোনো সন্ত্রাস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় তিনি ‘ষড়যন্ত্রের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন।
এতে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, এম এ সবুর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, শফিকুর রহমান স্বপন, শাহ আলম, এস কে খোদা তোতন ও আহমেদ উল আলম চৌধুরী রাসেল।
বিএইচ




