সুন্দরবনের দুবলার চরের রাসমেলা থেকে ফেরার পথে বাগেরহাটের পশুর নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় ট্রলারে থাকা আট যাত্রীই প্রাণে বেঁচে গেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে চাঁদপাই রেঞ্জের করমজল এলাকার পশুর নদীতে এ দুর্ঘটনা ঘটে।
রাসমেলা শেষে আট যাত্রী নিয়ে একটি ট্রলার দুবলার চর থেকে মোংলার দিকে ফিরছিল। পথে করমজল এলাকায় নদীর পাড়ে ঝুঁকে থাকা একটি বড় গাছের মোটা ডালের সঙ্গে ট্রলারটির সজোরে ধাক্কা লাগে। এতে ট্রলারটি কাত হয়ে যায় এবং এক পাশ দিয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়।
এ সময় যাত্রীদের চিৎকার শুনে আশপাশে থাকা অন্য ট্রলারগুলো এগিয়ে আসে। তাদের সহায়তায় আট যাত্রীকে উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।
এক যাত্রী বলেন, গাছের সঙ্গে ধাক্কা লাগার পর ট্রলারটি কাত হয়ে যায়। সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পাশের ট্রলারটি এগিয়ে না এলে কী হতো, তা বলা কঠিন।
চাঁদপাই স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তখন ট্রলারটি অর্ধেক ডুবে ছিল। দ্রুত যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়। কারও কোনো ক্ষতি হয়নি। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের কাজ চলছে।
স্থানীয় জেলে ও ট্রলারচালকদের অভিযোগ, রাসমেলার সময় পশুর নদীতে অতিরিক্ত ট্রলার চলাচল করে। অনেক ট্রলারে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা হয়। পাশাপাশি নদীর কিনারে ঝুঁকে থাকা গাছের ডাল ও ডুবো চর সম্পর্কে অনেক চালকের পর্যাপ্ত ধারণা নেই।
তাঁদের দাবি, বেশির ভাগ ছোট ট্রলারে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, টর্চ ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম থাকে না। এতে ছোটখাটো দুর্ঘটনাও বড় বিপদের কারণ হতে পারে।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে রাসমেলার সময় প্রতিটি ট্রলারে যাত্রীসংখ্যা অনুযায়ী লাইফ জ্যাকেট নিশ্চিত করা, নদীপথে বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ টহল বাড়ানো এবং করমজলসহ ঝুঁকিপূর্ণ এলাকায় নদীর কিনারে থাকা বিপজ্জনক গাছের ডাল অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বিএইচ




