নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে; প্রাথমিকভাবে এ ঘটনায় প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় লোকজন প্রথমে আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের প্রকৃত সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে; তবে তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কম্পিউটার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকা হতে পারে, যা বিস্তারিত পরিদর্শন ও তদন্তের পর নিশ্চিতভাবে জানা যাবে।
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি কার্যালয়, যানবাহন ও শিল্পকারখানাসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও অগ্নিকাণ্ডের ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভোররাতে আগুনের ঘটনায় স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।
এটি নিছক দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
ডিআর




