পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গাজীপুরা এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেন বিক্ষুব্ধরা। দুই মহাসড়ক অবরোধ করায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন বহু যাত্রী।
পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের ভোগড়া বাইপাস, চৌধুরী বাড়ী, চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী, সালনা, বড়বাড়ী, সাইনবোর্ড এবং সদর উপজেলার ভবানীপুর, বাঘেরবাজার ও মেম্বারবাড়ী এলাকার ৭০টি কারখানায় এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকাল থেকেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা। বেশ কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং কিছু এলাকায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
বেলা ১২টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের সরিয়ে দেয়। এ সময় শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গিয়ে বিভিন্ন গলি থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বেধে যায়।
অন্যদিকে সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকরা। পরে ওই দুই গার্মেন্টসসহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর মৌচাকের তেলিরচালা এবং গাজীপুর সদর উপজেলার ভবানীপুর, মেম্বারবাড়ী ও বাঘেরবাজার এলাকায় কয়েকটি শিল্পকারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
দুপুরের দিকে নগরীর গাজীপুরা এলাকায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে পুনরায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ফ্লাইওভারের নিচে একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক বিক্ষোভের কারণে মঙ্গলবারের জন্য ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।
ডিআর




