সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির দুই ভাই, ছেলে ও টেকনাফ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন—আবদুর রহমান বদির ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি শাওন আরমান, বদির ভাই আমিনুর রহমান আমিন, সহযোগী ও ছোট ভাই সিআইপি আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রমতে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর নগরীর জল্লারপাড় এলাকার ওই হোটেলটি ঘিরে রাখে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরে রাত পৌনে ১টার দিকে হোটেলে অভিযান শুরু করে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই চালানো হয় এবং প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে ভোর ৫টার দিকে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ওই চারজন সিলেট নগরীতে অবস্থান করছেন—এমন তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করা হয়। গ্রেপ্তার এড়াতে তাঁরা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন এবং হোটেলে নারীদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কক্ষ ভাড়া নিয়েছিলেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, আটকদের বিরুদ্ধে কক্সবাজারের একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে এবং সংশ্লিষ্ট মামলার তথ্য ও আটকের নির্দেশনার ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কক্সবাজার পুলিশের সদস্যরা এসে তাঁদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিআর




