দেশের বৃহৎ ধর্মীয় আয়োজনগুলোর অন্যতম চরমোনাই দরবারের বার্ষিক অগ্রহায়ণ মাহফিল শুরু হচ্ছে আজ শুক্রবার। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে অবস্থিত আহসানাবাদ রশিদিয়া চরমোনাই মাদরাসা প্রাঙ্গণে সাড়ে তিন দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে।
বাদ জুমা চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ এ তথ্য জানান।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রায় এক শতাব্দী ধরে আহসানাবাদ রশিদিয়া চরমোনাই মাদরাসার উদ্যোগে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের মাহফিলে সাতটি মূল বয়ানসহ দেশের শীর্ষস্থানীয় আলেমরা তাসাউফ ও ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
মাহফিলের উদ্বোধনী ও আখেরি বয়ানসহ মোট চারটি বয়ান করবেন আমিরুল মুজাহিদীন ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বাকি তিনটি মূল বয়ান করবেন শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
এদিকে মাহফিল আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের অবস্থানের জন্য প্রায় তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। পাশাপাশি অজু ও শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে।
মুসল্লিদের নিরাপত্তায় আয়োজকদের নিজস্ব ব্যবস্থাপনার পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ফায়ার সার্ভিসের দলও অবস্থান করবে। এ ছাড়া মুসল্লিদের যানবাহন রাখার জন্য পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।





