সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি এবং পৃথক ঘটনায় এক পুলিশ সদস্যের গায়ে থুতু দেওয়ার অপরাধে বাংলাদেশি এক যুবককে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। খন্দকার মো. ইয়ামিন (২৩) নামে ওই যুবককে দুটি অভিযোগে দোষ স্বীকারের পর মোট দুই মাস আট সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত ২৩ নভেম্বর আদালত এ সাজা দেন।
আদালতের তথ্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে বিমানে নিজের আসনে বসে থাকা অবস্থায় ইয়ামিন এক বিমানবালার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। ঘটনাটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে আদালতে জানান ডেপুটি পাবলিক প্রসিকিউটর ক্লারা লো।
২৬ বছর বয়সী ওই বিমানবালা এতে ক্ষুব্ধ ও আতঙ্কিত হন। তিনি ইয়ামিনকে আর স্পর্শ না করতে বললেও কোনো জবাব না দিয়ে হাসেন ইয়ামিন। পরে বিমানবালাটি সহকর্মীকে বিষয়টি জানান। ওই সহকর্মী ইয়ামিনের মুখোমুখি হন।
ফ্লাইটটি ওই দিন সকালে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে ইয়ামিনকে গ্রেপ্তার করা হয়।
ব্যক্তিগত মুচলেকায় মুক্তি পাওয়ার পর গত ৭ অক্টোবর আবারও পুলিশের হাতে আটক হন ইয়ামিন। মধ্যরাত সাড়ে ১২টার দিকে জালান বেরসেহ এলাকায় তাকে মাতাল অবস্থায় অসংলগ্ন আচরণ করতে দেখা যায়। পুলিশ তাকে সেখানে অসুস্থ অবস্থায় পায়। তার নাক দিয়ে রক্ত ঝরছিল। চিকিৎসাকর্মীরা রক্তচাপ মাপার চেষ্টা করলে তিনি অসহযোগিতা করেন এবং মাটিতে শুয়ে এলোমেলোভাবে হাত-পা ছুড়তে থাকেন।
পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সিগারেট না পেয়ে তিনি আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। একপর্যায়ে তার পা চেপে ধরে রাখা এক পুলিশ সদস্যের গায়ে থুতু ছুড়ে মারেন।
প্রতিবেদন অনুযায়ী, বিমানে ওঠার আগে ইয়ামিন তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন। তবে আদালতের নথিতে তার ফ্লাইটের যাত্রা শুরুর স্থান উল্লেখ করা হয়নি।
সূত্র: দ্য স্ট্রেইট টাইমস।





