বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর সম্পর্ক নিয়ে আশির দশকে নানা গুঞ্জন ছড়িয়েছিল। এবার সেই সম্পর্কের পুরোনো স্মৃতি সামনে আনলেন পরিচালক ও চিত্রগ্রাহক লরেন্স ডি’সুজা। তাঁর দাবি, শুটিংয়ের সময় শ্রীদেবীর মেকআপ রুমে বসে তাঁর জন্য অপেক্ষা করতেন মিঠুন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘গৈর কানুনি’ ছবির শুটিংয়ের স্মৃতিচারণ করেন লরেন্স। ওই ছবিতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছিলেন তিনি। সে সময় মিঠুন ও শ্রীদেবীর ঘনিষ্ঠতা নিজের চোখে দেখেছেন বলে জানান এই পরিচালক।
লরেন্সের ভাষ্য অনুযায়ী, শ্রীদেবীর শুটিং চলাকালে প্রায়ই সেটে আসতেন মিঠুন। কখনো শুটিংয়ের সময়, আবার কখনো কাজ শেষ হওয়ার অপেক্ষায় অভিনেত্রীর মেকআপ রুমে বসে থাকতেন তিনি। শুটিংয়ের মধ্যেও মিঠুন বারবার ফোন করতেন শ্রীদেবীকে। ফোন এলে কাজের জায়গা থেকে সরে গিয়ে কথা বলতেন অভিনেত্রী।
লরেন্স বলেন, বলিউডের অন্দরমহলে তখন তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা ছিল। তাঁর ভাষায়, ‘সকলেই জানতেন ওদের মধ্যে সম্পর্ক ছিল। তখন মিঠুনদা বিবাহিত ছিলেন যোগিতা বালীর সঙ্গে। শুটিংয়ের সেটে আমি যা দেখেছি, শুধু সেটুকুই বলতে পারি। মিঠুনদা এসে শ্রীদেবীর মেকআপ রুমে অপেক্ষা করতেন।’
শ্রীদেবীর স্বভাব সম্পর্কেও স্মৃতিচারণ করেন লরেন্স। তাঁর মতে, অভিনেত্রী ছিলেন শান্ত ও অন্তর্মুখী। শুটিংয়ের ফাঁকে অন্যদের সঙ্গে খুব বেশি মেলামেশা করতেন না। একা থাকতে পছন্দ করতেন এবং কাজের প্রতি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান।
আশির দশকে মিঠুন ও শ্রীদেবী ছিলেন হিন্দি সিনেমার জনপ্রিয় জুটি। ‘জাগ উঠা ইনসান’, ‘ওয়াক্ত কি আওয়াজ’ ও ‘গুরু’সহ একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। পর্দার রসায়নের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও সে সময় নানা গুঞ্জন ছড়িয়েছিল।
মিঠুন তখন যোগিতা বালীর সঙ্গে বিবাহিত ছিলেন। অন্যদিকে, ১৯৯৬ সালে প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে মারা যান এই অভিনেত্রী।





