চাঁদা দাবির ঘটনায় দীর্ঘ ১৭ দিন বন্ধ থাকার পর পুলিশের প্রহরায় খুলে দেওয়া হয়েছিল খুলনার টুটপাড়ার চয়নিকা ফার্মেসি। তবে পুনরায় চালুর মাত্র ১৩ দিনের মাথায় ফার্মেসিটির সামনে গুলির ঘটনা ঘটেছে। এতে ফার্মেসির মালিক দৌলতুজ্জামানের ছেলে জারিফুজ্জামান (৩৩) গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর ৪৭ নম্বর টুটপাড়া সেন্ট্রাল রোডে অবস্থিত চয়নিকা ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর আবারও ফার্মেসিটি বন্ধ করে দিয়েছেন মালিকপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, জারিফুজ্জামান নামে এক ব্যক্তির পায়ে গুলি লেগেছে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জারিফুজ্জামান ফার্মেসির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এর আগে গত ২৯ অক্টোবর সন্ধ্যায় অস্ত্রধারী দুই ব্যক্তি সরাসরি চয়নিকা ফার্মেসিতে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। নির্ধারিত টাকা প্রস্তুত না রাখলে মালিককে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ফার্মেসিটি টানা ১৭ দিন বন্ধ রাখেন মালিকপক্ষ।
এদিকে চাঁদাবাজদের গ্রেপ্তার ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তার দাবিতে চয়নিকা ফার্মেসি, মল্লিক ব্রাদার্সসহ বেশ কয়েকটি ওষুধের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি জেলা প্রশাসক ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দেয়। একই সঙ্গে ৭২ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করে সংগঠনটি।
পরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও পুলিশি প্রহরার আশ্বাস দেওয়া হলে গত ১৪ নভেম্বর রাতে চয়নিকা ফার্মেসিটি আবার চালু করা হয়। কিন্তু পুনরায় চালুর ১৩ দিনের মাথায় সেখানে গুলির ঘটনা ঘটল।
উল্লেখ্য, এর আগে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে নগরীর কুইন্স হাসপাতাল, সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং জনপ্রিয় রেস্তোরাঁ চাইনিজ প্যালেসে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণের ঘটনাও ঘটে।
একটির পর একটি এমন ঘটনায় খুলনার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ব্যবসায়ীদের দাবি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এসএ





