‘নয়া সাহিত্য বিকশিত হোক’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট লেখক ফোরামের তিন দশক পূর্তি উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এ আয়োজনে জেলার কবি, লেখক ও সাহিত্যিকদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট লেখক ফোরামের সভাপতি আজিজুল হক বিশ্বাস। উদ্বোধনী বক্তব্য দেন কবি ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক।
উৎসবের প্রথম পর্বে সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন—লোককাব্য ও গীতিতে সিকটা কাজল, গল্প ও কবিতায় কবি হোসনে পারভীন পপি, সব্যসাচী সাহিত্যে মহসিন আলী রাজু এবং তরুণ কবি হিসেবে হায়্যুল কাইয়ুম।
এ ছাড়া সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রয়াত কবি সুজন হাজারী ও কবি সাম সোজ্জোহা বকুলকে মরণোত্তর সম্মাননা পদক দেওয়া হয়। কবি, লেখক ও সচিব সানোয়ার জাহান ভূঁইয়া গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন কবি, লেখক ও সচিব সানোয়ার জাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, নটর ডেম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ম. নুরুন্নবী, সরকারি বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও কবি নাসরিন আক্তার, সংগঠনের সাধারণ সম্পাদক কবি সোহেল সাহেল, কবি লিলি শেঠ, জিনা পন্ডিত, আশফাকুজ্জামান, কবি বাবু বসুধা, আবুল বাসার এবং স্কুলছাত্রী রাবেয়া জান্নাত।
সাহিত্য আড্ডার পাশাপাশি উৎসবে ছিল কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। কবি সানোয়ার জাহান ভূঁইয়ার লেখা কবিতা আবৃত্তি করেন জান্নাতুল ফেরদৌস মৌ। জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করেন। এ ছাড়া নিনাদ আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে অংশ নেন ঢাকা থেকে আগত কবি সোহেল মল্লিক।
পাশাপাশি ঐতিহ্যবাহী পুঁথিপাঠ, বিয়ের গীত ও সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন লালমাটিয়া কলেজের অধ্যাপক ও কবি সৈয়দা নাজনীন।
জয়পুরহাট ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও নওগাঁসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি-সাহিত্যিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিন দশক পূর্তির এ আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত সাহিত্য উৎসবে।
এসএ





