সুনামগঞ্জের ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার মাছ ধরার টেটার আঘাতে হানিফা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (দুপুরে) নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হানিফা বেগম উপজেলার চরমহল্লা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরদুর্লভ গ্রামের লাল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আবদুল হান্নানের সঙ্গে পাওনা টাকা নিয়ে লাল মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা আবদুল হান্নানের পক্ষ নিয়ে ছেলে জামাল উদ্দিন (৪০) তার চাচা লাল মিয়ার ওপর হামলা করেন। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে ভাতিজা জামালের হাতে থাকা মাছ ধরার টেটার উপর্যুপরি আঘাতে গুরুতর আহত হন হানিফা বেগম।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছার পর বিকেল পৌনে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, টেটার আঘাতে হানিফা বেগমের মৃত্যুর খবর পেয়ে ওই দিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্তসহ পুলিশের একটি দল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসএ





