রাঙামাটির বাঘাইছড়িতে রাতের আকাশে রহস্যময় তিনটি ড্রোনের উপস্থিতি দেখতে পেয়ে সেগুলো লক্ষ্য করে ১৫ রাউন্ড গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে ২৭ বিজিবির মারিশ্যা জোনের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবর্ষণের পর ড্রোন তিনটি দ্রুত স্থান ত্যাগ করে দূরে সরে যায়।
২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব জানান, শুক্রবার রাতে হঠাৎ জোনের হেলিপ্যাডের ওপর রহস্যময় তিনটি ড্রোন উড়তে দেখা যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আশপাশের সব বিওপি ক্যাম্পকে সতর্ক করা হয়।
পরে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের (পিএসসি) নির্দেশনায় ড্রোনগুলো ভূপাতিত করার লক্ষ্যে এলএমজি দিয়ে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে গুলিবর্ষণের পর ড্রোনগুলো দ্রুত স্থান ত্যাগ করে দূরে সরে যায়।
সংশ্লিষ্ট সূত্রের ধারণা, পাহাড়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অজ্ঞাত পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। তবে ড্রোনগুলোর উৎস ও পরিচালনাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ লক্ষ্যে সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এসএ





