শীতের আগমনী বার্তার সঙ্গে বাজারে উঠতে শুরু করেছে নানা ধরনের মৌসুমি সবজি। বেগুন, টমেটো, শিম, ফুলকপি, বাঁধাকপি, গাজর ও মুলাসহ শীতের পরিচিত সবজিতে ভরে উঠেছে চট্টগ্রামের ফটিকছড়ির বাজার।
তবে আগাম শীতের সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম। এর মধ্যে বাজারে আসা অধিকাংশ সবজিই আসছে ফটিকছড়ির বাইরে থেকে।
স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজির সরবরাহ এখনো পুরোদমে শুরু হয়নি। ফলে চড়া দামে সবজি কিনতে গিয়ে অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা।
গত ২৫ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ফটিকছড়ির উত্তর ও দক্ষিণ অঞ্চলের কাজিরহাট, শান্তিরহাট, কাঞ্চননগর, বিবিরহাট, নাজিরহাট ও খিরাম বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকা, আলু ২৫ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, শিম ১২০ টাকা, মুলা ৬০ টাকা, গাজর ১০০ টাকা, বরবটি ৮০ টাকা এবং তিতকরলা ৭০ টাকায়।
এ ছাড়া প্রতিটি কচু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা, লাউ ৩০ থেকে ৬০ টাকা, ফুলকপি ৩০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকায়। কেয়ার বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। বিভিন্ন ধরনের শাকের প্রতি আঁটি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। এর মধ্যে লালশাক ও মুলাশাকের সরবরাহ বেশি।
বাজারে সবজির সরবরাহ বাড়লেও দাম না কমায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের অভিযোগ, শীতের সবজি বাজারে উঠতে শুরু করলে সাধারণত দাম কমার কথা। কিন্তু এবার তেমন চিত্র দেখা যাচ্ছে না। প্রতিদিনের প্রয়োজনীয় সবজি কিনতেই বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
বাজার করতে আসা মিনু আক্তার বলেন, প্রতিদিনের রান্নার জন্য সবজি কিনতে হয়। কিন্তু দাম বেশি থাকায় প্রয়োজন অনুযায়ী সবজি কেনা যাচ্ছে না। সংসারের অন্যান্য খরচ সামলে বাজারের বাড়তি ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।
আরেক ক্রেতা মোজাম্মেল বলেন, ‘শীতের সবজি বাজারে উঠেছে, কিন্তু দাম কমার কোনো লক্ষণ নেই। যে পরিমাণ সবজি আগে ১০০ টাকায় কেনা যেত, এখন তা কিনতে দ্বিগুণেরও বেশি টাকা লাগছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়বে।’
অপরদিকে স্থানীয় কৃষকেরা এখনো পুরোদমে শীতকালীন সবজি বাজারে সরবরাহ করতে পারছেন না। ফলে ফটিকছড়ির বিভিন্ন বাজারে বিক্রি হওয়া অধিকাংশ সবজি আসছে উপজেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে। এতে স্থানীয় উৎপাদন ও বাজারের চাহিদার মধ্যে ব্যবধান তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, স্থানীয় কৃষকদের উৎপাদিত আগাম সবজি বাজারে পর্যাপ্ত পরিমাণে আসতে শুরু করলে সরবরাহ বাড়বে। এতে দামের ওপরও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে বেশি দামে সবজি কিনতে হচ্ছে তাদের। এর সঙ্গে পরিবহন খরচ ও অন্যান্য ব্যয় যুক্ত হওয়ায় খুচরা পর্যায়ে দাম কমানোর সুযোগ থাকছে না।
নাজিরহাট বাজারের খুচরা বিক্রেতা হারেছ উদ্দিন চৌধুরী বলেন, ‘ক্রেতারা আমাদের কাছে এসে দাম বেশি হওয়ার কথা বলছেন। কিন্তু আমরাও পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি কিনে আনছি। পাইকারি ব্যবসায়ীরা দাম কমালে আমরাও কম দামে বিক্রি করতে পারব।’
তবে স্থানীয় কৃষকদের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, বারবার বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে আগাম সবজি চাষ ব্যাহত হয়েছে। কোথাও বৃষ্টিতে ক্ষেতের সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার কোথাও চাষাবাদ শুরু করতেই দেরি হয়েছে। এর সঙ্গে সার, কীটনাশক, শ্রমিক ও অন্যান্য উপকরণের খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে।
ফটিকছড়ির বৃহত্তর সবজি উৎপাদন এলাকা মুজরির চরের কৃষক নোমান বলেন, ‘বারবার বৃষ্টির কারণে আগাম সবজি চাষে বিলম্ব হচ্ছে। আগাম সবজি চাষ করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগ ও ঝড়-বৃষ্টির সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। এর পরও আমরা থেমে নেই। বৃষ্টির ক্ষতি পুষিয়ে নিতে নানা প্রতিকূলতার মধ্যেও আগাম সবজি চাষ করছি।’
অন্যদিকে হালদা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলেও শীতকালীন সবজি চাষ হচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার এসব এলাকায় কিছুটা দেরিতে চাষাবাদ শুরু হয়েছে বলে জানিয়েছেন হালদাপাড়ের কৃষকেরা। তাদের আশা, চরাঞ্চলের সবজি পুরোদমে বাজারে আসতে শুরু করলে সরবরাহ বাড়বে এবং দাম কমে আসবে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে ফটিকছড়িতে ৫ হাজার ১২৫ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ সমতল ও চরাঞ্চলে উৎপাদিত সবজি পুরোদমে স্থানীয় বাজারে আসতে শুরু করলে সরবরাহ বাড়বে। এতে সবজির দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এসব সবজি দেশের বিভিন্ন স্থানেও সরবরাহ করা হবে।
স্থানীয় ক্রেতাদের প্রত্যাশা, বাজারে সবজির সরবরাহ ও দামের মধ্যে সামঞ্জস্য রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত বাজার তদারকি করবে। একই সঙ্গে পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে কৃষকেরা উৎপাদিত সবজির ন্যায্য দাম পাওয়ার পাশাপাশি সাধারণ ক্রেতাদের জন্যও বাজার কিছুটা সহনীয় হবে।





