উদ্বোধনের এক সপ্তাহ পেরিয়ে গেলেও জমে ওঠেনি চট্টগ্রামের ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দুই বছর বিরতির পর নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শুরু হওয়া এ মেলায় দর্শনার্থী ও ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। এখনো কয়েকটি প্যাভিলিয়ন ও বড় স্টলে চলছে নির্মাণ ও সাজসজ্জার কাজ। অন্যদিকে মেলার ব্যবস্থাপনা, পণ্যের মান, নিরাপত্তাব্যবস্থা এবং স্টল ভাড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দর্শনার্থী ও ব্যবসায়ীরা।
গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, অধিকাংশ স্টলে ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি কম। বেশ কয়েকটি প্যাভিলিয়নের নির্মাণ ও সাজসজ্জার কাজও তখনো শেষ হয়নি। মেলার নিরাপত্তাব্যবস্থায় পর্যাপ্ত নিরাপত্তাকর্মী ও সিসিটিভি ক্যামেরার উপস্থিতি চোখে পড়েনি। পাশাপাশি অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা, জরুরি অ্যাম্বুলেন্স এবং প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্পও দেখা যায়নি। দর্শনার্থীদের অভিযোগ জানানোর জন্য অভিযোগ বাক্সের ব্যবস্থাও নেই বলে অভিযোগ উঠেছে।
আন্তর্জাতিক বাণিজ্য মেলার অন্যতম উদ্দেশ্য দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি, বিদেশি পণ্যের প্রদর্শন এবং আমদানি-রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি করা। তবে এবারের মেলায় বিদেশি প্রতিষ্ঠান ও দেশের প্রতিষ্ঠিত বড় ব্র্যান্ডগুলোর অংশগ্রহণ তুলনামূলক কম বলে মনে করছেন দর্শনার্থীরা।
মেলায় ঘুরতে আসা দর্শনার্থী জুবাইর হোসেন ও মুন্না বলেন, “মেলায় প্রদর্শিত অধিকাংশ পণ্যই সাধারণ ফুটপাতের পণ্যের মতো। নগরের গোলাম রসুল মার্কেটে এসব পণ্যের চেয়ে ভালো মানের পণ্য আরও কম দামে পাওয়া যায়।”
পরিবার নিয়ে মেলায় আসা বেসরকারি চাকরিজীবী ইমরান হোসাইন বলেন, “বিদেশি ব্যবসায়ী ও স্বনামধন্য ব্র্যান্ডের অংশগ্রহণ নিশ্চিত হলেই আন্তর্জাতিক বাণিজ্য মেলার সার্থকতা থাকে। চীনের ক্যান্টন ফেয়ারের মতো আন্তর্জাতিক মানের আয়োজনের পরিবর্তে মেলাটি এখন সাধারণ গ্রামীণ মেলার মতো মনে হচ্ছে। দেশের প্রতিষ্ঠিত বড় ব্র্যান্ডগুলোরও তেমন উপস্থিতি নেই।”
মেলার আয়োজন নিয়ে অসন্তোষের পাশাপাশি স্টল ভাড়া বৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্টলমালিক জানান, দুই বছর আগে যে আকারের একটি স্টল নিতে তাঁদের এক লাখ টাকা খরচ হয়েছিল, এবার একই ধরনের স্টলের জন্য দিতে হয়েছে দেড় লাখ টাকা। তাঁদের দাবি, এবার স্টল ভাড়া প্রায় ৩০ শতাংশ বেড়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, ভাড়া বাড়লেও সে অনুযায়ী অবকাঠামোগত সুবিধা, প্রচারণা ও দর্শনার্থী আকর্ষণের উদ্যোগ বাড়েনি। ক্রেতার উপস্থিতি কম থাকায় প্রত্যাশিত বিক্রি হচ্ছে না। ফলে স্টল পরিচালনার খরচ মেটানো নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন অনেকে। এ অবস্থা চলতে থাকলে লোকসানের মুখে পড়তে পারেন তাঁরা।
মাসব্যাপী এ মেলায় প্রতিদিন বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হওয়ার কথা। অথচ অগ্নিকাণ্ড কিংবা অন্য কোনো দুর্ঘটনা মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ এবং চিকিৎসাসেবার পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন দর্শনার্থীরা।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, “মেলায় মানহীন ও নকল পণ্য বিক্রির সুযোগ তৈরি হয়েছে, অথচ তদারকির কার্যকর ব্যবস্থা নেই। অগ্নিকাণ্ড ঘটলে বের হওয়ার পর্যাপ্ত জরুরি পথও চোখে পড়েনি।”
তিনি আরও বলেন, “ঠিকাদারের কাছ থেকে রয়্যালটির টাকা পাওয়ার পর আয়োজকদের আর কোনো দায়দায়িত্ব আছে বলে মনে হচ্ছে না। শুধু ব্যবসায়িক স্বার্থ ও আয়ের জন্যই এই মেলার আয়োজন করা হচ্ছে।”
মেলার বিভিন্ন স্টল থেকে পণ্য কেনার পর ক্রেতাদের বিক্রয় রসিদ বা ক্যাশ মেমো দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন কয়েকজন দর্শনার্থী। এতে পণ্যের প্রকৃত মূল্য যাচাই, ত্রুটিপূর্ণ পণ্য পরিবর্তন কিংবা অভিযোগ জানানোর ক্ষেত্রে ক্রেতারা সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করছেন তাঁরা।
এ বিষয়ে চট্টগ্রাম জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, “আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা অভিযান পরিচালনা করব।”
মেলার সামগ্রিক ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থার ঘাটতি নিয়ে জানতে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশের বাইরে অবস্থান করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
তবে আয়োজক কমিটির সদস্য তারিকুল ইসলাম বলেন, “শনিবার থেকে মেলার প্রবেশ টিকিট বিক্রি শুরু করেছি। আশা করছি, আগামী দুই দিনের মধ্যে মেলা জমজমাট হয়ে উঠবে।”
নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবার ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, “বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। শিগগিরই মেডিকেল ক্যাম্প স্থাপন ও অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবস্থা করা হবে।”
উদ্বোধনের এক সপ্তাহ পরও মেলা প্রত্যাশিত জমজমাট না হওয়া, স্টল ভাড়া বৃদ্ধি, পণ্যের মান নিয়ে প্রশ্ন এবং নিরাপত্তা ও সেবার ঘাটতি—সব মিলিয়ে এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে অসন্তোষ বাড়ছে। দর্শনার্থী ও ব্যবসায়ীদের প্রত্যাশা, আয়োজকরা দ্রুত এসব সমস্যার সমাধান করে মেলাকে প্রকৃত অর্থেই আন্তর্জাতিক মানের বাণিজ্যিক আয়োজন হিসেবে গড়ে তুলবেন।
এসএ





